যশোর শহরে ১৪৪ ধারা জারি
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের আশংকায় যশোর শহরের কাজীপাড়া এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, এ এলাকায় সোমবার দুদিনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়।
“মঙ্গলবার সন্ধ্যার পর সেখানে একটি দুই ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
“আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হতে পারে আশংকায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর ১৪৪ ধারা জারি করেন।”
আরিফুল হক আরও জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার সমর্থকরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন।
যেখানে এই অনুষ্ঠান হচ্ছে তা সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসভবন-সংলগ্ন।
এ নিয়ে এ দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
