২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গাপুরে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 06:25 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

হেলিকপ্টারে থাকা তিনজন ক্রুর সবাই অক্ষত বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। 

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর বাজারের কাছে একটি খোলা জায়গায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে বলে জানান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। এটির ত্রুটি সারানোর জন্য বিমানবাহিনীর আরেকটি হেলিকপ্টার কিছু ক্রু নিয়ে ঘটনাস্থলে আসে।”

ত্রুটি সারানোর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে হেলিকপ্টারটি উড়ে যায় বলে জানান ইউএনও। হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল।

সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার জানান, হেলিকপ্টারে থাকা ক্রুরা সকলেই সুস্থ আছেন এবং হেলিকপ্টার অবতরণের পর এলাকাটি পুলিশ ঘিরে রেখেছিল।