২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের মারামারির ঘটনায় মামলা, ওসি প্রত্যাহার

ঝালকাঠী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

সোমবার দুপুরের এ ঘটনার পর রাতে সদর থানার ওসি শীলমনি চাকমাকে প্রত্যাহার করা হয়েছে।

ঝালকাঠী সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক রুহুল আমীন রেজভীর বাবা রুস্তম আলী শরিফ বাদী হয়ে বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলায় ছাত্রলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০ জনকে আসামি করা হয় বলে জানান তিনি।

আব্দুস সালাম আরও জানান, সোমবার রাতে সদর থানার ওসি শীলমনি চাকমাকে প্রত্যাহার করে ঝালকাঠী পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝালকাঠী পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনিক কারণে ওসিকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটা পুলিশের নিয়মিত বিষয়।

জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার খবর পেয়ে সোমবার দুপুরে কমিটির বর্তমান সভাপতি শফিকুল ইসলাম ও সাবেক সভাপতি হাদিসুর রহমান পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় হাদিসুরের বাসা ও ভাড়া দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক রুহুল আমীন রেজভীর বাড়িতেও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।