এমপি রানাকে গ্রেপ্তার না করার নির্দেশনা স্থগিত
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় একই দলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে গ্রেপ্তার ও হয়রানি না করতে হাই কোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই স্থগিতাদেশ দেন।
আওয়ামী লীগের এই সংসদ সদস্যের ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তির ক্ষেত্রেও একই নির্দেশনা স্থগিত হয়েছে।
আগাম জামিন চেয়ে দুই ভাইয়ের করা আবেদন নিষ্পত্তি করে গত ১৪ জুলাই হাই কোর্ট গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি দুজনকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিল।
রানা ও মুক্তির আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ স্থগিত করেছে। তবে আত্মসমর্পণের আদেশ বহাল রয়েছে।”
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
দলীয় নেতা ফারুক হত্যামামলায় গ্রেপ্তারের আশঙ্কা থেকে রানা ও মুক্তি গত ৯ জুলাই হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুককে ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজ পাড়ার বাসার সামনে গুলি চালিয়ে হত্যা করা হয়।
হত্যার তিন দিন পর ফারুকের স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
আমানুর রহমান রানা (বাঁয়ে) ও সহিদুর রহমান মুক্তি
মামলার এজাহারে নাহার কারও নাম উল্লেখ না করলেও পরে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, টাঙ্গাইলের খান পরিবারের চার ভাই এ হত্যাকাণ্ডে জড়িত।
টাঙ্গাইলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামসুর রহমান খান শাহজাহানের ভাস্তে রানারা পাঁচ ভাই ছিলেন। সবার বড় বাপ্পী আততায়ীর গুলিতে মারা যান।
রানা ও মুক্তির দুই ভাইয়ের মধ্যে জাহিদুর রহমান খান কাঁকন টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি এবং সানিয়াত খান বাপ্পা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা।
খান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আনিসুল ইসলাম রাজা এবং মোহাম্মদ আলীকে পুলিশ এ মামলায় গ্রেপ্তারের পর তারা গত বছরের অগাস্টে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তারা ওই হত্যাকাণ্ডে চার ভাইকে জড়িয়ে বক্তব্য দেন বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ জানিয়েছেন।
পরে ওই জবানবন্দি প্রত্যাহারের জন্য দুজন চলতি বছরের জানুয়ারিতে আবেদন করেন, যা শুনানির পর্যায়ে রয়েছে।
