ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ড মামলার আটশ ৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো সোমবার শেষ হয়েছে।
সকাল পৌনে ১০টার দিকে ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে আদালত শুরুর পর অবশিষ্ট ৪৪ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতে বলেন, এ মামলায় মোট আটশ ৪৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। তাই এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক।
রাষ্ট্রপক্ষের অভিযোগ শোনানো শেষ হওয়ার পর আদালত আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য জানতে চান।
আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এ আদালতে দুটি মামলা এক সঙ্গেই চলবে না আলাদাভাবে চলবে তা স্পষ্ট করতে হবে। এছাড়া আদালত থেকে অভিযোগপত্র চাওয়া হলেও আসামি পক্ষের আইনজীবীদের তা সরবরাহ করা হয়নি।
আদালতের কাছে অভিযোগপত্র পাওয়ার জন্য কোনো আবেদন জমা পড়েনি জানালে আসামী পক্ষের আইনজীবীরা হট্টগোল শুরু করে।
দুটি মামলা আলাদাভাবে চলছে জানিয়ে ১২টা ২০ মিনিটে আগামী ১৩ জুন পর্যন্ত আদালত মুলতবি করেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক।
গত ১২ এপ্রিল অভিযোগ গঠন শুনানির প্রথম দিনে ৮০ জন আসামির বিরুদ্ধে, ২৬ এপ্রিল দুশ ৬০ জন আসামির বিরুদ্ধে এবং ৯ মে চারশ ৬৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৭০০ ঘ.
bdnews24