ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যা ও লুণ্ঠনের অধিকতর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ে দাখিল করতে ব্যর্থ হওয়ায় উষ্মা প্রকাশ করলেও এ জন্য আরো ২০ দিন সময় দিয়েছে আদালত।
ঢাকার আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে সকাল সোয়া ১০টায় শুনানি শুরুর পরপরই রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তদন্তের জন্য আরো সময় চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৩ ফেব্র"য়ারি আদালত এ মামলার অধিকতর তদন্ত এবং ৩ মার্চের মধ্যে তা শেষ করার নির্দেশ দেয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলার তদন্ত করছে।
শুনানির পর আদালতের বিচারক জহুরুল হক তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ২৩ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেন। তবে বিচারক বলেন, "নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে।"
এরপর এ মামলার শুনানির পরবর্তী তারিখ ২৮ মার্চ নির্ধারণ করে সে দিন পর্যন্ত আদালত মুলতবির আদেশ দেন বিচারক।
বৃহস্পতিবার শুনানিতে বিচারক আসামি পক্ষের যে কোনো একজনকে কথা বলার অনুমতি দিলে সাবেক এমপি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতের প্রত্যেক ধার্য তারিখে কী হবে তা আগে থেকে আসামিপক্ষের আইনজীবীদের জানানো উচিৎ। আদালতের সামনে এ কার্যতালিকা ঝুলিয়ে রাখার জন্য সুপারিশ করেন আমিনুল ইসলাম।
এর পরপরই আসামীপক্ষের কয়েকজন আইনজীবী আদালতের উদ্দেশে বলেন, যেহেতু এ মামলার অধিকতর তদন্ত চলছে, তাই জামিন দেওয়া যেতে পারে।
এ বক্তব্যর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামিদের সবার বিরুদ্ধেই কোনো না কোনো গুরুতর অভিযোগ রয়েছে। তাই এ সময় জামিন দেওয়া ঠিক হবে না।
আদালত জানায়, জামিনের আবেদনের বিষয়ে পরে জানানো হবে।
বিচারক বলেন, আগামী ২৮ মার্চ পর্যন্ত আদালত মুলতবি করা হলো। ওইদিন অভিযোগ গঠনের শুনানি শুরু হবে।
২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা ও লুণ্ঠনের অভিযোগে দায়ের করা এই ফৌজদারি মামলায় আসামির সংখ্যা মোট ৮২৪ জন। এর মধ্যে ২৩ জন বেসামরিক ব্যক্তিও রয়েছেন।
আসামিদের মধ্যে ৮০১ জন কারাগারে রয়েছেন। দুজনের মৃত্যু হয়েছে, বাকিরা পলাতক।
বিডিআর আদালতে বিদ্রোহের বিচার শুরুর এক বছরের বেশি সময় পর গত ৫ জানুয়ারি পিলখানায় ফৌজদারি অপরাধের বিচার শুরু হয়।
বিশাল সংখ্যক আসামির একত্রে বিচারের সুবিধার জন্য আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে ২৭৫ ফুট দীর্ঘ একটি টিনশেড ভবনে কঠোর নিরাপত্তায় চলছে অস্থায়ী এ আদালতের কাজ।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও ৫৬ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।
বিদ্রোহের সময় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গত ১২ জুলাই বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুসহ ৮২৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রক্তাক্ত বিদ্রোহের প্রেক্ষাপটে সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের অংশ হিসেবে এ বাহিনীর নাম বদলে এখন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/জেকে/২২৫৬ ঘ.
bdnews24