২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিচার শুরু, গ্রেপ্তার আরো ৯ জন

বিদ্রোহের অভিযোগে লালমনিরহাটে ৩১ রাইফেলস ব্যাটালিয়নের ২৪ জন বিডিআর সদস্যের বিচার সোমবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 04:57 PM

লালমনিরহাট, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের অভিযোগে লালমনিরহাটে ৩১ রাইফেলস ব্যাটালিয়নের ২৪ জন বিডিআর সদস্যের বিচার সোমবার শুরু হয়েছে। বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ব্যাটালিয়নের আরো ৯ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২ এ দুপুর সাড়ে ১২টায় বিচার কাজ শুরু হয়। ব্যাটালিয়নের সুবেদার মো. হাবিবুর রহমান আদালতের অনুমতি নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন। মামলার প্রসিকিউটর ৩১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেন আদালতকে বলেন, গত বছরের ২৬ ফেব্র"য়ারি পিলখানার বিডিআর বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আসামিরা লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নে বিশৃঙ্খলা, বিদ্রোহের পরিকল্পনা, উস্কানি ও ব্যাটালিয়নের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। তারা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে অস্ত্র ও গোলাবারুদ লুট, গুলি বর্ষণ ও বিভিন্ন গুজব রটানোসহ ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। তিনি আদালতের কাছে দোষীদের শাস্তি দাবি করেন। দুপুর ২টায় আদালত নতুন করে গ্রেপ্তার করা নয়জনসহ ২৪ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর মঙ্গলবার সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে সকাল সাড়ে আটটা পর্যন্ত আদালত মুলতবি করা হয়। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতে সভাপতিত্ব করেন। বিচার প্যানেলে আরো ছিলেন- লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও মেজর দিদার-আল-লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম কুমার রায়। এছাড়া রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. খায়রুজ্জামান আদালতে উপস্থিত ছিলেন। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পরই সৈনিক ব্যারাকে আটক এই নয়জনকে পুলিশে সোপর্দ করা হয়। এরা হলেন- নায়েব সুবেদার সিরাজুল হক, হাবিলদার ছামেদুল ইসলাম, ল্যান্স নায়েক মতিউর রহমান, সিপাহী দিল মো. দুলাল, শাহাদাত হোসেন, মো. পারভেজ আলম, আমির হোসেন, মো. তারেকুল ইসলাম ও মো. আব্দুর রহমান। গত বছরের ১১ মে লালমনিরহাট সদর ওসি রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় ওইদিনই ১৫ বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- হাবিলদার নিজাম, ল্যান্স নায়েক আসাদুল, আবুল কালাম, তছলুর, নায়েক সুবেদার ইউসুফ, জয়নাল, সিপাহী নাজমুল, আশরাফুল, নজরুল, হাবিব, মোহাম্মদ আলী, রোকন, প্রণয়ন, কমর ও আবু সিদ্দিক। গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ওই বাহিনীতে কর্মরত ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। পরদিন দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু বিডিআর সদস্য এই বিদ্রোহে একাত্মতা প্রকাশ করেন। বিদ্রোহের বিচারে ওই বছরের ১৫ নভেম্বর সরকার ঢাকা দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এই আদালতে এ পর্যন্ত পঞ্চগড়, ঠাকুরগাঁও, রাঙামাটি, ফেনী ও সাতক্ষীরায় বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাতবছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিদ্রোহের সময় হত্যা, লুটপাটসহ অন্যান্য অপরাধের বিচার হচ্ছে প্রচলিত আইনে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৪ ঘ.