ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ৪৭৪, মৃত্যু ৩
সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৯৯ জনের প্রাণ গেল।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৪ জন; এই সময়ে মশাবাহিত রোগটিতে তিনজনের মৃত্যৃ হয়েছে।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৭৭ হাজার ৬০১ জন হল। তাদের মধ্যে ৩৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে রোগটি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২০৭ জন, ঢাকা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহে ২০ জন, চট্টগ্রামে ৬১ জন, খুলনায় ৫৬ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে ৫ জন।
গত একদিনে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি দুজনের মধ্যে একজন ময়মনসিংহ বিভাগে, আরেকজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৩ হাজার ১২৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৭৭ জন।
তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন; আর ২ হাজার ২৯৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৫ হাজার ৯৩৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৬৬৪ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের।
আর নভেম্বরের ১৫ দিনে ১৫ হাজার ৭৮৪ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮৪ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
