আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: কনস্টেবল সুজনের রিমান্ড মঞ্জুর
পরোয়ানা জারির পর বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মামলায় রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পরোয়ানা জারির পর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মুজিবুরের গ্রেপ্তার হওয়ার তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
তিনি বলেন, “মুজিবুর রহমানের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
“এরপর সন্ধ্যায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর আলাদা মামলায় এদিন প্রসিকিউশনের পক্ষে আলাদা চারটি আবেদন করা হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার ও সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী এসব আবেদনের শুনানি করেন।
শুনানিতে ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মোনাওয়ার হুসাইন তামিম।
সুলতান মাহমুদ বলেন, একটি আবেদনের পরিপ্রেক্ষিতে কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশন একদিনের রিমান্ড আবেদন করে।
“বাকি তিনটি আবেদন ছিল রাজধানীর উত্তরা, রামপুরা ও গুলশান এলাকার কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে। ট্রাইব্যুনাল সেসব আবেদনও মঞ্জুর করে।”
গাজী মোনাওয়ার হোসাইন তামীম বলেন, গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই তালিকায় মুজিবুরের নামও আছে।
