১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেইলি স্টার কার্যালয়ে হামলায় ৯ জন কারাগারে

মামলায় নাম না জানা ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

ডেইলি স্টার কার্যালয়ে হামলায় ৯ জন কারাগারে
কারাগারে পাঠানো নয়জনের মধ্যে দুই আসামি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরের পর ক্ষোভ বিক্ষোভের মধ্যে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার মামলায় গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন।

হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় করা মামলার গ্রেপ্তার হওয়া এসব আসামি হলেন- ঢাকার জুলফিকার আলী সৌরভ, রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম, ময়মনসিংহর মো. আলমাস আলী, নোয়াখালীর জুবায়ের হোসাইন, সিলেটের আয়নুল হক কাশেমী, নোয়াখালীর আব্দুল রহমান পলাশ, রংপুরের মো. জান্নাতুল নাঈম, শরীয়তপুরের আ. রহমান ও চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ। 

আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই সেলিম রেজা তাদের কারাগারে পাঠানোর তথ্য দেন।

কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনসহ, বিশেষ ক্ষমতা আইনে সোমবার অজ্ঞাত পরিচয় সাড়ে ৩৫০ থেকে ৪০০ বিরুদ্ধে মামলা করে ডেইলি স্টার কর্তৃপক্ষ। এতে অন্তত ৪০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণার কথা তুলে ধরা হয়।

এ মামলায় বিভিন্ন এলাকা থেকে আটক ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়। 

মঙ্গলবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল। 

প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, আসামি কাশেম, জুবায়ের, ফয়সাল ও জুলফিকারের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

বৃহস্পতিবার মধ্যরাতে ডেইলি স্টার ভবনে ওই হামলার আগে কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসে ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়। প্রথম আলোতে হামলার ঘটনায় রোববার রাতে ঢাকার তেজগাঁও থানায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইনসহ বিশেষ ক্ষমতা আইনে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। এ মামলায় গ্রেপ্তার ১৫ জনকে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।