সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চারবারের সংসদ সদস্য শেখ হাসিনার সবশেষ মন্ত্রিসভায় ছিলেন।
ঢাকার মিরপুর থেকে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য দেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা বললেও সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিকভাবে সেটি বলেননি তিনি।
গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
আগের সরকারে থাকা ও প্রভাবশালীদের মধ্যে এখনও যারা বিদেশে যেতে পারেননি তাদের কেউ সরকার পতনের পর থেকে প্রকাশ্যে আসেননি বা আত্মগোপনে রয়েছেন।
এরমধ্যেই সবশেষ সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদিরকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবে ১৯৯৬ থেকে ২০০১ সালে দায়িত্ব পালন করা উবায়দুল মোকতাদির ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে দ্বিতীয়বার নির্বাচিত হন।
মুক্তিযোদ্ধা এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং চলতি বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো জয়লাভ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
এর আগে সরকারি আমলা হিসেবে অবসরের পর রাজনীতিতে নাম লেখানো উবায়দুল মোকতাদির নবম সংসদে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দশম সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং একাদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৩ সালে বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন সাবেক এই আমলা, যিনি ১৯৮৬ সালে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
