অর্থনীতি সমিতিতে দুপক্ষের ‘ধস্তাধস্তি’
পেশাজীবী অর্থনীতিবিদদের এই সংগঠনে বিভাজন দৃশ্যমান হয় গত সেপ্টেম্বরে। সেদিন ‘বৈষম্যবিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতি’ ব্যানারে এডহক কমিটি গঠন করা হয়।
সংবাদ সম্মেলন করা নিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতিতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে এ ঘটনার জন্য ‘আওয়ামী লীগের দোসরদের’ দায়ী করেছে একটি পক্ষ।
এদিন বিকাল ৪টায় সমিতির কার্যালয়ে আগের কমিটিকে বাদ দিয়ে ঘোষিত এডহক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়, যার শিরোনাম ছিল ‘বিদেশে টাকা পাচারে সহায়তাকারী ও ব্যাংক খাত ধ্বংসকারীদের মুখোশ উন্মোচন’।
সংবাদ সম্মেলনে যোগ দিতে বিকালে কার্যালয়ে যান এডহক কমিটির সভাপতি ও সম্পাদকসহ ২০ থেকে ৩০ জন।
কিন্তু তাদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয় আগে থেকেই ভেতরে অবস্থান নেওয়া আগের কমিটির সদস্যরা। এ নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ধস্তাধস্তির পর সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এডহক কমিটির সভাপতি আজিজুর রহমান।
তিনি দাবি করেন, বর্তমান সমিতিতে যারা রয়েছে, তাদের লোকজন হামলা চালিয়েছে। অনেকেই আহত হয়ে হাসপাতালে গেছেন।
পেশাজীবী অর্থনীতিবিদদের এই সংগঠনে বিভাজন দৃশ্যমান হয় গত ৩০ সেপ্টেম্বরে। আগের নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে সেদিন ‘বৈষম্যবিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতি’ ব্যানারে এডহক কমিটি ঘোষণা করে একটি পক্ষ।
এডহক কমিটিতে সভাপতি করা হয় নটরডেম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান আজিজুর রহমানকে। সৈয়দ মাহবুব-ই জামিলকে করা হয় সাধারণ সম্পাদক।
গত ৩ অক্টোবর এডহক কমিটি প্রত্যাখ্যান করে বিজ্ঞপ্তি দেয় অর্থনীতি সমিতি।
এরপর গত ১ জানুয়ারি অধ্যাপক মাহবুব উল্লাহকে আহ্বায়ক ও অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে সমিতির ২৯ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির ২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সেদিন সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমন প্রেক্ষাপটে ‘বৈষম্যবিরোধী বাংলাদেশ অর্থনীতি সমিতি’ নামে গঠিত এডহক কমিটির সদস্যরা সোমবার সেখানে সংবাদ সম্মেলন করতে গেলে ধস্তাধস্তির এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অপরপক্ষ ঘটনাস্থল থেকে চলে গেলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সমিতির অফিসে ঢুকতে না পেরে ভবনের নিচে দাঁড়িয়ে এডহক কমিটির সভাপতি আজিজুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “২০০৮ থেকে ২০২৪ সাল ছিল এই সমিতির সবচেয়ে অন্ধকার অধ্যায়। এই সময় খলিকুজ্জামান আহমদ, আবুল বারাকাত, জামালুদ্দিন, আইনুল ইসলাম ও হান্নানা বেগমের মত ব্যক্তিরা এই সমিতিকে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন।”
তার ভাষ্য, “বর্তমান কমিটিতে আওয়ামী লীগের দোসর ও একজন ‘র’ এর এজেন্ট রয়েছে। তাদের এ কমিটি থেকে বের করে একটি নির্বাচন দিতে হবে। এরা ব্যাংক খাতের নানা অনিয়মে জড়িত।
“এই সমিতি যতদিন পর্যন্ত দলীয় লেজুড়বৃত্তির বাইরে থেকে কাজ করতে সক্ষম ছিল, ততদিন সমিতি স্বকীয়তা বজায় রেখে সত্যিকার অর্থে পেশাদারত্বের সঙ্গে কাজ করেছে এবং দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে।”
তার দাবি, “আওয়ামী লীগ সরকারের লোকজন যারা রয়েছে, তারা আমাদের লোকজনকে আক্রমণ করেছিল। তাই আমরা কিছু না করতে পেরে সবাই এসেছি দোসরদের হাত থেকে সমিতিকে মুক্ত করতে।”
তার সঙ্গে থাকা অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব-ই জামাল বলেন, “বিগত ১৬-১৭ বছর এই সমিতিতে অভিনব প্রক্রিয়ায় নির্বাচন হয়ে আসছিল। বিগত কোনো নির্বাচনেই কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
“এটা ছাড়া এই সংগঠন কুক্ষিগত করার আর কোনো উপায় কারো জানা ছিল না।”
তিনি বলেন, “অত্যন্ত পরিতাপের বিষয় হল, আমরা যারা এই সমিতিকে স্বৈরাচারের দোসরদের থেকে মুক্ত করতে প্রত্যক্ষ ভূমিকা রাখলাম, আমরা হয়ে গেলাম বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বেআইনি কার্যক্রম পরিচালনাকারী।
“তাদের ভাষায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশীজনরা এখন নৈরাজ্যকারী। বড় বিচিত্র আমাদের চরিত্র।”
