২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেট্রোরেল শুক্রবার চালানোর সিদ্ধান্ত হয়নি: ডিএমটিসিএল

“এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি, বিষয়টি নিয়ে চিন্তাও করছি না,” বলেন এমএএন ছিদ্দিক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2024, 07:15 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রোরেল চলবে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও কর্তৃপক্ষ বলছে, সে রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে রোববার খবর আসে, শুক্রবারও মেট্রোরেল চালানোর প্রস্তুতি নিচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

জানতে চাইলে মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচলক এমএএন ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি নিয়ে চিন্তাও করছি না।”

তবে পিকআওয়ারে ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কাজ চলছে বলে জানান ছিদ্দিক।

তার ভাষ্য, “পিক আওয়ারে হেডওয়ে সময় আট মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করার কাজ চলছে। আমাদের পরামর্শক ও প্রকৌশলীরা বিষয়টি নিয়ে কাজ করছেন। আগামী ১৯ মে তাদের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছরের ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ।

ওই বছরের শেষ দিন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোই খুলে দেওয়া হয়। চলতি বছরের ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল অংশে ট্রেন চলছে সকাল থেকে রাত পর্যন্ত।

বর্তমানে পিক আওয়ারে প্রতি আট মিনিট পর পর ছাড়ছে মেট্রোরেল।