১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হ্যাঁচকা টানে গৃহবধূর মৃত্যু: জড়িতদের শনাক্তের ‘চেষ্টায়’ পুলিশ

“আমরা এখনো মর্গের সামনে বসে আছি; এতোক্ষণে ময়নাতদন্ত হচ্ছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 05:31 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ঢাকার উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারির রিকশা থেকে রাস্তায় পড়ে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।

তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার বিষয়ে এখনো ‘স্পষ্ট ধারণা’ নেই পুলিশের কাছে।

অবশ্য মামলা হওয়ার পর জড়িতদের শনাক্তে ‘চেষ্টা করার’ কথা বলেছেন তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম।

তিনি শুক্রবার বিকালে বলেছেন, “যেহেতু প্রাইভেটকার থেকে ছিনতাইকারী টান দিয়েছে, একটি প্রাইভেটকারে সাধারণত চারজন থাকে। সে হিসাবে নাম না জানা ৩-৪ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।”

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে রিকশা আরোহী ২১ বছর বয়সী মুক্তা আক্তারের ব্যাগ ধরে টান দেয় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী।

এ সময় হ্যাঁচকা টানে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে স্বজনরা ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বরগুনার বাসিন্দা মুক্তার সঙ্গে বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল গার্মেন্টকর্মী লিমন হোসেনের। স্বামীর সঙ্গে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার ভাড়া বাসায় থাকতেন, ঘটনার সময় তিনি ঈদের কেনাকাটা করতে রিকশায় করে যাচ্ছিলেন।

ময়নাতদন্তের জন্য স্ত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রেখেই শুক্রবার তুরাগ থানায় গিয়ে মামলা করেছেন লিমন। এরপর আবার ছুটে যান হাসপাতালে।

বিকাল সাড়ে ৪টায় লিমন হোসেন বলেন, “আমরা এখনো মর্গের সামনে বসে আছি। এতোক্ষণে ময়নাতদন্ত হচ্ছে।”

ময়নাতদন্তের পর লাশ নিহতের গ্রামের বাড়ি বরগুনায় নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবারই পুলিশ জানিয়েছিল, মুক্তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচের এলাকা দুই থানার সীমানা হওয়ায় প্রথমে ‘দ্বিধায়’ থাকলেও শুক্রবার মামলা নিয়েছে তুরাগ থানা পুলিশ।

ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা রিকশাওয়ালাকে খুঁজছি, তাকে পেলে এক্সাক্ট পিও (অপরাধ সংঘটনের স্থান) জানা যাবে।”

মেট্রো স্টেশনের নিচে কোনো সিসিটিভি ক্যামেরা ‘না থাকায়’ ছিনতাইকারীদের গাড়ির বিষয়েও এখনো কোন ‘স্পষ্ট ধারণা পাওয়া যায়নি’ বলেও ভাষ্য ওসি রফিকুলের।

তিনি বলেন, “আমরা চেষ্টা করছি, আশা করছি খুব তাড়াতাড়ি জড়িতদের শনাক্ত করতে পারব।”

উত্তরায় ছিনতাইকারীর হেঁচকা টানে রাস্তায় পড়ে প্রাণ গেল গৃহবধূর