১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়েত সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান

তিন দিনের সফরে গিয়েছিলেন তিনি।

কুয়েত সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবাহ জাবের আল আহমেদ আল সাবাহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি-আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 01:44 AM

Updated : 26 Aug 2026, 11:51 AM

কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার তিন দিনের সফর শেষে তার দেশে ফেরার তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

কুয়েতের সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফের আমন্ত্রণে সেনাপ্রধানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলটি গত ১৬ ফেব্রুয়ারি কুয়েত সফরে যায়।

আইএসপিআর বলেছে, সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবাহ জাবের আল আহমেদ আল সাবাহ, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সচিব আব্দুল্লাহ মেশাল মুবারক আব্দুল্লাহ এ আল সাবাহ ও কুয়েত ন্যাশনাল গার্ডের সচিব লে. জেনারেল হাশেম আব্দুল রাজ্জাক আল রিফাই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়।

আইএসপিআর বলেছে, সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) সদর দপ্তর পরিদর্শনসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সেনাপ্রধান বাংলাদেশি মিলিটারি কন্টিনজেন্টের অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে ’অফিসার্স অ্যাড্রেস ও দরবার’ এ অংশ নেন। এছাড়া কুয়েত আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন করেন।

সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বাড়বে বলে আশা করছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলেছে, দুই দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও একধাপ এগিয়ে যাবে।