পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চান প্রধান উপদেষ্টা
“পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে শিগগিরই কানাডার একজন মন্ত্রী বাংলাদেশে আসবেন”, বলেন অজিত সিং।
বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরাতে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ওলিগার্ক, ঘনিষ্ঠ ব্যক্তি ও রাজনীতিকরা বাংলাদেশ থেকে শত শত কোটি ডলার চুরি করেছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।
বিগত সরকারের সমালোচনা করে ইউনুস বলেন, "তারা আমাদের জনগণের অর্থ চুরি করে বেগম পাড়ায় সম্পদ কিনেছে। এই অর্থ পুনরুদ্ধারে আপনাদের সাহায্য দরকার। এগুলো আমাদের জনগণের টাকা।”
কানাডার হাইকমিশনার ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার প্রশংসা করেন।
তিনি প্রধান উপদেষ্টার সম্পদ ফেরত আনার প্রচেষ্টায় কানাডার সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, কানাডার একটি ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ সরকার চিহ্নিত ব্যক্তিদের পাচারকৃত অর্থ জব্দ ও পুনরুদ্ধারের জন্য কানাডা সরকারের কাছে অনুরোধ জানাতে পারে।
হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম ও গণতন্ত্রে উত্তরণের সংস্কার উদ্যোগে সমর্থনেরও প্রস্তাব দেন।
অজিত সিং বলেন,"আপনারা যে মহৎ কাজ করছেন, তা আমরা সমর্থন করি। ইতোমধ্যে যে অগ্রগতি হয়েছে, তা প্রশংসনীয়। আমরা জানতে চাই, আরও কীভাবে সাহায্য করতে পারি।"
তিনি বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। শিগগিরই একজন কানাডিয়ান মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে আসবেন ।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে নিজের বৈঠকের কথা স্মরণ করে ইউনূস বলেন, ঢাকার আরও কানাডীয় বিনিয়োগ প্রয়োজন।
"বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আমরা কানাডার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চাই এবং চাই কানাডিয়ান কোম্পানিগুলো তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করুক।"
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে অনেক বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করে, তাই অটোয়াকে ঢাকায় একটি পূর্ণাঙ্গ ভিসা অফিস স্থাপনের উদ্যোগ নিতে হবে।
বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
