২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচানো গেল না আইমানকেও, মৃত্যু বেড়ে ৩২

বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩২ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2025, 12:17 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯ টা ৩২ মিনিটে ১০ বছর বয়সী আইমান মারা গেছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। আয়মান ওই শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল

আইমান শরীরের ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসাপতালে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক।

এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হল ৩২ জনের।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩২ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।

দগ্ধ ও আহত ৫১ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে ছয়জনের পোড়া লাশ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার ৫ জনের পরিচয় শনাক্তের কথা জানিয়েছে সিআইডি।