মোহাম্মদপুরে কাঁচাবাজারের নেতৃত্ব নিয়ে বিএনপি নেতা ও ব্যবসায়ীদের হট্টগোল
“বিএনপি নেতা মামুন নিজেকে বাজার কমিটির সভাপতি দাবি করে তার লোকজন দিয়ে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে চাইছে,” অভিযোগ এক ব্যবসায়ীর।
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন কাঁচাবাজারের নেতৃত্ব নিয়ে স্থানীয় এক বিএনপি নেতা ও তার অনুসারীদের সঙ্গে ব্যবসায়ীদের হট্টগোল হয়েছে।
বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মামুন পাটোয়ারীর লোকজন কাঁচাবাজারে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বেশ কয়েকবার এ নিয়ে গন্ডগোলও হয়েছে।
বুধবারের ঘটনা নিয়ে অহিদুল নামে এক দোকান মালিক বলেন, তারা নিজেরা এতদিন টাকা তুলে বিদ্যুৎ বিল দিয়ে আসছিলেন। এর মধ্যে বিএনপি নেতা মামুন নিজেকে বাজার কমিটির সভাপতি দাবি করে তার লোকজন দিয়ে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে চাইছে।
“বেলা ১১টার পর দিকে তার (মামুন) লোকজন এসে বাজারে বিশৃঙ্খলা তৈরি করে এবং তারা পুরো নেতৃত্ব দিতে চায়। এটার প্রতিবাদে বাজারের দোকান মালিকরা দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করে।”
অপরদিকে মামুনকে শ্রম অধিদপ্তরের অনুমোদিত কমিটির সভাপতি দাবি করে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েতুল হাফিজ বলেন, “যারা বিরোধিতা করছে তারা পতিত আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট লোকজন। তাদের কারণে এ বাজারে বিভিন্ন অনিয়ম হচ্ছে। জেনিভা ক্যাম্পের কিছু মাদক কারবারিদের নিয়ে রবিন নামে একজন কাঁচাবাজার ঘিরে প্রভাব বিস্তার করে।”
মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ৯৯৯ এ গন্ডগোলের খবর পেয়ে হচ্ছে পুলিশ সেখানে যায়। পরে দুইপক্ষের সঙ্গে কথা বলে তাদের শান্ত করা হয়।
মোহাম্মদপুর জোনের পুলিশ পরিদর্শক (পেট্রোল) ইমরান মৃধা বলেন, “বাজারের দোকানদারদের বড় অংশ মামুনকে সভাপতি মানতে নারাজ। আবার মামুন সভাপতি হিসেবে নিজেকে বৈধ দাবি করছেন। এসব নিয়ে গন্ডগোল না করে কার কী অভিযোগ তা নিয়ে থানায় যাওয়ার পরামর্শ দেই।”
ঘটনার বিষয়ে বিএনপি নেতা মামুন বলেন, “সেনাবাহিনী ক্যাম্পে ডেকে নিয়ে এসেছে। আমাদের সঙ্গে কথা বলছেন তারা।”
কাঁচাবাজার কমিটির সভাপতি দাবি ও প্রভাব বিস্তারের অভিযোগের বিষয়ে জানতে পরে ফোন করলে তিনি ধরেননি।
২০২৩ সালের সেপ্টেম্বরে আগুনে পুড়ে যায় মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাঁচাবাজারের দুই শতাধিক দোকান। টিনশেড দোকানগুলো পুড়ে যাওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন তখন বাজারটি দুইতলা করার কাজ শুরু করে।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারটি দুইতলা করার কোনো সিদ্ধান্ত ছিল না। তারপরও সেটি করা হয়।
পরে আওয়ামী লীগ সরকার পতনের পর অভিযোগ পেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন সম্প্রতি দ্বিতীয় তলার অংশটি ভেঙে দেয়। এর মধ্যে নিচ তলার কাজ পুরোপুরি শেষ না হলেও ব্যবসায়ীরা দোকান বুঝে নিয়ে ব্যবসা শুরু করেন। ক্ষমতার পালাবদলের পর থেকে সেখানকার বাজার কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধ চলছে।
