২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১২৪৮ রোগী

চলতি মাসে এ নিয়ে ২৫ হাজার ৯৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, ভর্তি ১২৪৮ রোগী
১২ বছরের শিশু ইয়াসিন আরাফাত ৫ দিন ধরে জ্বরে আক্রান্ত। ডেঙ্গু ধরা পড়ায় মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: আসিফ মাহমুদ অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2024, 08:05 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৪৮ জন রোগী। এ সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যৃ হয়েছে আরও ছয়জনের।

এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তির রোগীর সংখ্যা হল ৫৬ হাজার ৯১১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,রোববার একদিনে ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৬১ জন, ঢাকা বিভাগে ২৪৪ জন, ময়মনসিংহে ৫১ জন, চট্টগ্রামে ২০৭ জন, খুলনায় ১০৭ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ২৩ জন, বরিশাল বিভাগে ১১১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

এসময়ে যারা মারা গেছেন তাদের দুজন ঢাকা বিভাগের ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, বরিশাল বিভাগ এবং রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

রোববার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫২ হাজার ৬৫০ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৯৩৯ জন; আর ২০৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩২ হাজার ৯৩৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৯৭৮ জন।

অক্টোবরের প্রথম ২৭ দিনে ২৫ হাজার ৯৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১১৪ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৫৫ হাজার ছাড়াল

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।