২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধি দলের সাক্ষাৎ

“যারা একসময় হতাশায় ভুগছিল, আন্দোলনের পর সেই তরুণরাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে,” বলেন মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 11:13 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

মানবাধিকার সংগঠন— সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের (এসএএইচআর) একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

প্রতিনিধি দলটি রাষ্ট্র সংস্কারের পদক্ষেপ এবং মানবাধিকারের প্রতি সরকারের অঙ্গীকারের প্রশংসা করেছে। 

প্রতিনিধি দলে ছিলেন এসএএইচআরের কো-চেয়ারপার্সন রোশমি গোস্বামী, মানবাধিকার কর্মী সরুপ ইজাজ (পাকিস্তান), দীক্ষ্যা ইলঙ্গাসিংহে ও অনুশায়া কল্লুরে (শ্রীলঙ্কা) এবং বাংলাদেশের সাঈদ আহমেদ।

আলোচনায় বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি ছাড়াও সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট উঠে আসে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। 

তিনি বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সব স্তরে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়েছি। সংস্কার কমিশনে তাদের প্রতিনিধিত্ব দিয়েছি, নীতি প্রণয়ন প্রক্রিয়া এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পৃক্ততা নিশ্চিত করেছি। 

“যারা একসময় হতাশায় ভুগছিল, আন্দোলনের পর সেই তরুণরাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে। প্রবীণ প্রজন্ম হিসেবে তাদের দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া আমাদের দায়িত্ব।”

রোশমি গোস্বামী বলেন, “মুহূর্তটি শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি রূপান্তরমূলক সময়। আমরা এখানে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের। সেই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।”

বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস. মুরশিদ উপস্থিত ছিলেন।