২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহে লঘুচাপের আভাস

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 01:52 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিন রোদ-বৃষ্টির খেলার পর আগামী দুই-তিন দিনে ঢাকায় বৃষ্টিপাত কমে আসতে পারে; সেই সঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। তবে, ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চিটাগাংয়ে আরও কিছুটা বৃষ্টিপাত হতে পারে। কাল থেকে বৃষ্টিপাত আরো কমে আসতে পারে।” 

তিনি বলেন, “বর্ষা শুরু হয় জুনে। মৌসুমি কারণে এই সময়টা একেবারে সারাদিন যে বৃষ্টিহীন থাকবে, সেটা না। কিন্তু তারপরও গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের যে অবস্থা ছিল, সে পরিবেশের কিছুটা উন্নতি হবে।” 

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরো অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। 

নাজমুল হকের ভাষ্য, ২৯ বা ৩০ মের দিকে এটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওই ঘূর্ণিবায়ুর চক্র নিম্নচাপের রূপ নিতে পারে। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু-কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। 

এইসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে মাদারীপুর, পাবনা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সাতক্ষীরা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে অধিদপ্তর। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে সিলেটে; ১১০ মিলিমিটার। এছাড়া রাজশাহীতে ৮৪, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬০, রাজধানী ঢাকায় ৩৩ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। 

এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই জেলাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বজায় রয়েছে।