Published : 08 Sep 2026, 05:29 PM
রাজধানীর কামরাঙ্গীরচরকে আগামী পাঁচ বছরের মধ্যে একটি সুন্দর ও পরিকল্পিত শহরে রূপান্তরের আশা প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার কামরাঙ্গীরচরে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার প্রশাসক আবদুস সালাম এ আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
কামরাঙ্গীরচরের নতুন সম্ভাবনার কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, "পৃথিবীর বহু শহর একসময় ময়লা-আবর্জনায় বিপর্যস্ত থাকলেও পরবর্তীতে সঠিক পরিকল্পনার মাধ্যমে সুন্দর করে গড়ে তোলা হয়েছে। কামরাঙ্গীরচরের সূচনা প্রতিকূল পরিবেশে হলেও সবার সহযোগিতা ও সঠিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে এটিকে একটি আধুনিক এবং পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব।”
শিক্ষার্থীদের সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার পাশাপাশি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এছাড়া কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।