Published : 01 Mar 2026, 07:37 PM
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সরকার সমন্বিতভাবে কাজ করছে তুলে ধরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকেই সর্বোচ্চ ‘অগ্রাধিকার’ দেওয়া হচ্ছে।
রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে সরকার ‘নিবিড়ভাবে’ নজর রাখছে।
“আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা। যারা বিদেশে কর্মরত আছেন বা যাত্রাপথে রয়েছেন, তারা যেন কোনো ধরনের দুর্ভোগে না পড়েন, সে বিষয়ে আমরা কাজ করছি।”
শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, মধ্যপ্রাচ্যের এমন কয়েকটি দেশে হামলা চালায় ইরান। এই হামলায় কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হওয়ার খবর এসেছে।

এ ঘটনায় সেদিন হঠাৎ করে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত করা হয়, যে কারণে বিদেশিগামী শত শত যাত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিপাকে পড়েন।
দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ওমরাহ যাত্রীও আটকে পড়েছেন।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি নিজেও বিমানবন্দরে গিয়ে যাত্রীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে যাত্রীদের সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “যারা বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যাচ্ছেন, তাদের ভিসা বা কাগজপত্রসংক্রান্ত জটিলতা থাকলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।”
জ্বালানি সরবরাহ নিয়ে সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের জ্বালানির মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
“এ মুহূর্তে জ্বালানি সংকটের আশঙ্কা নেই। অতীতে এমন পরিস্থিতিতে কিছু ওঠানামা হয়েছে, তবে আমরা প্রস্তুত আছি,” বলেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কূটনৈতিক সমাধান ও উত্তেজনা প্রশমনের পক্ষে।
“আমরা চাই পরিস্থিতির অবনতি না ঘটুক। কূটনৈতিকভাবে সমাধান হোক, সেটাই আমাদের প্রত্যাশা।”
সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছে তুলে ধরে তিনি বলেন, “এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। আমরা জনগণের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করছি।”