২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অ্যাপ উদ্বোধন, ৫-১০ মিনিটেই অন অ্যারাইভাল ভিসা

পাসপোর্ট ভেরিফিকেশন তুলে দেওয়া যায় কি না তা নিয়ে কাজ করছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 01:11 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে একটি অ্যাপ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

তিনি বলেছেন, “অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় লাগে; ৪৫ মিনিট-এক ঘণ্টা সময় লাগে। যে সিস্টেম (অ্যাপ) করা হচ্ছে, সেটা কার্যকরী হলে ৫-১০ মিনিটে উনি অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।”

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করে সুবিধা তুলে ধরছিলেন জাহাঙ্গীর আলম।

“অনলাইনে ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পরে কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই প্রক্রিয়া সারতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে।

“ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় ততটুকুই।” 

এই পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “যেসব দেশের সাথে চুক্তি আছে, অন অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সাথে চুক্তি নাই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।”

অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ৩০ দিন থাকবে বলে জানান তিনি।

পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কি না তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর।

তিনি বলেন, “পাসপোর্ট যেন সহজ হয়, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কত সহজ করা যায়- এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা চেষ্টা করব পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের যাতে দরকারই না হয়।”

কয়দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “বলার সাথে সাথেই হবে- এটা বলা যাবে না; একটু সময় দিতে হবে।”