১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বারকে সচল করতে জরুরি সভায় বিএনপিপন্থি আইনজীবীরা

নির্বাচিতদের অনুপস্থিতিতে বারের কার্যক্রম বন্ধ আছে। সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড থমকে গেছে ও বার পরিচালনায় অচলাবস্থা দেখা দিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2024, 05:17 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত কর্মকর্তারা আতত্মগোপনে চলে যাওয়ায় সমিতির কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। 

এ অবস্থায় জরুরি সভা করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। 

মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় এ সভা ডাকা হয়। 

সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মকবুল হোসেন ফকির এ সভা তলব করেন। 

সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, “যেহেতু বারের বিতর্কিত নির্বাচনে নির্বাচিত ২৩ জন পলাতক আছেন, তাদের অনুপস্থিতিতে বারের কার্যক্রম বন্ধ আছে। সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড থমকে গেছে ও বার পরিচালনায় অচলাবস্থা দেখা দিয়েছে। 

“তাই বারের স্বার্থে তিনি (মকবুল হোসেন ফকির) সমিতির সংবিধানের ১৬(গ) অনুচ্ছেদ মোতাবেক এ জরুরি সভা তলব করেছেন।” 

আওয়ামী লীগ সরকারের আমলের সন্ত্রাস, জামিন বাণিজ্য ও ভোট চুরির প্রতিবাদে প্রতিদিনই সমিতির সামনে বিক্ষোভ করছেন ঢাকা বারের বিএনপিপন্থি আইনজীবীরা।

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা বারের সবশেষ নির্বাচনে ২৩টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২১টিতে জয়ী হয়।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়ী হয়েছিলেন।