১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: আরও এক প্রবাসীর লাশ দেশে পৌঁছাল

এ নিয়ে মধ্যপ্রাচ্যে নিহত চার প্রবাসীর লাশ দেশে পৌঁছাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 01:05 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।

সোমবার সকাল পৌনে ১০টায় সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ নিয়ে চার জন প্রবাসীর লাশ দেশে পৌঁছাল। মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ করেন। এ সময় নিহত মামুনের বাবাও উপস্থিত ছিলেন।

মরদেহ গ্রহণ শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি, আর ১ জনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।”

মন্ত্রী জানান, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকাজের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে আরো ৩ লাখ টাকা দেওয়া হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক এটিএম মাহবুব-উল করিম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলার নিহত এস এম তারেকের লাশ গত শুক্রবার দেশে পৌঁছায়। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ নিহত চার বাংলাদেশি প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে।