১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি হাবিবের ছেলের শ্বশুর বাড়িতে মিলল কোটি টাকা

যৌথ অভিযানে দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 05:46 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে ১ কোটি ১৬ লাখ টাকা এবং বড় অঙ্কের বিদেশি মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; যা সাবেক সংসদ মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের বলে পুলিশের ভাষ্য।

উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে রোববার সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযানে দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়। 

সোমবার অভিযানের তথ্য দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ বলেছে, বাড়িটি ঢাকা-১৮ এর সাবেক সংসদ সদস্য হাবিবের ছেলে আবির হাসান তামিমের প্রয়াত শ্বশুর সাঈদুর রহমারে। গাড়ি দুটিও সাবেক এমপি ও তার পরিবারের সদস্যদের।

অভিযানের সময় ওই বাড়ি থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম। 

উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, এদের মধ্যে শাহজাদা তামিমের শ্যালক, মো. তৌজিদুল ইসলাম ভায়রা ও মো. সাইফুল ইসলাম বাড়ির ব্যবস্থাপক।

ডিএমপির বার্তায় বলা হয়, পুলিশের কাছে তথ্য আসে ওই বাড়িতে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেটসহ অস্ত্র-গুলি রয়েছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তিনটি নেভি ব্লু রংয়ের বুলেটপ্রুফ জ্যাকেট যাদের সামনে ও পিছনে উভয় পাশে ইংরেজিতে 'পুলিশ' লেখা এবং দুটি গাড়ি-ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার জব্দ করা হয়।

ডিএমপি বলছে, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো পলাতক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম গত ৫ আগস্ট এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় ব্যবহার করেছেন।

উদ্ধার বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে মার্কিন ডলার, থাইবাথ, দিরহাম, কানাডিয়ান ডলার, সিঙ্গাপুরিয়ান ডলার, রিয়াল ও রুপি।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিএমপি।