প্রাথমিক শিক্ষা পদক পেল দিনাজপুরের সুব্রত খাজাঞ্চী স্কুল
অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পদক তুলে দেওয়া হয়।
সেরা স্কুল হিসেবে ২০২৪ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেল দিনাজপুরের চিরিরবন্দরের সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আর সেরা সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইনাম উল্লাহ খান। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদরের হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারজানা ইসলাম।
শনিবার মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পদক তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল।
পদক পাওয়া অন্যদের মধ্যে সেরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন শেরপুরের ওবায়দুল্লাহ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সেরা সুপারিনটেনডেন্ট হয়েছেন টাঙ্গাইল পিটিআইয়ের মুহাম্মদ রফিকুল ইসলাম।
সেরা উপজেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের জাকির হোসেন সরকার, সেরা পিটিআই ইন্সট্রাক্টর হয়েছেন রাজশাহীর কামরুজ্জামান, সেরা উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ইন্সট্রাক্টর হয়েছেন নীলফামারীর ডিমলার মাসুদ করিম, সেরা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রফিকুল ইসলাম, সেরা প্রধান শিক্ষক হয়েছেন বগুড়ার গাবতলীর পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোস্তফা কামাল, সেরা প্রধান শিক্ষিকা হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিউলি সুলতানা।
সেরা কাব শিক্ষক হয়েছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কুল্যাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, সেরা কর্মচারী হয়েছেন নোয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর মোহাম্মদ মহিন উদ্দিন। আর সেরা পিটিআই হয়েছে রাজশাহী পিটিআই।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
