Published : 28 Jul 2026, 04:36 PM
দেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো তিন জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত ৫১২ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এইডিস মশাবাহিত এই রোগে চলতি বছর ৪৭ জনের মৃত্যু হল। এর মধ্যে জুলাই মাসের এ পর্যন্ত ২৯ জন মারা গেছে।
মঙ্গলবারের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে খুলনা বিভাগে মারা গেছেন দুইজন। আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে একজনের।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৫ জন। ৭৬ জন ভর্তি হয়েছে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনের বাইরে আরো ৪০ জন ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে।
এছাড়া বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৮৪ জন ও ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৩৪ এবং রংপুরে ২৮ এবং সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ৫৩২ জন হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।