Published : 16 Dec 2025, 06:56 PM
শরীফ ওসমান বিন হাদির উপর হামলা হওয়ার কিছু দিন আগে ইনকিলাব মঞ্চের কার্যালয়ে যাওয়ার কথা আদালতকে বলেছেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে রিমান্ড শুনানিতে তিনি এ কথা বলেন। শুনানি শেষে আদালত কবিরকে ৭ দিনের রিমান্ডে দেয়।
প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে র্যাব।
মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।
তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, "মোটর সাইকেলের মালিক এ আসামি। মোটরসাইকেল দিয়ে হাদিকে হত্যাচেষ্টায় সহায়তা করেছে।”
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন বলেন, "কবির আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। যে মোটরসাইকেল যোগে প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করা হয়, সেখানে এ আসামি উপস্থিত ছিলেন।"
তিনি বলেন, "ফয়সালের সঙ্গে কবিরের যোগাযোগ ছিল। ফয়সালকে নিয়ে হাদির বাসায় যায় কবির। ভিডিও ছড়িয়ে পড়লে সে আত্মগোপনে চলে যায়। হাদিকে হত্যাচেষ্টার অস্ত্র ব্যবহার করেছে কবির। আর সে মোটরসাইকেলের মালিক। অস্ত্র উদ্ধার, এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা জানার জন্য সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।"
কবিরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কি না জানতে চায় আদালত।
পরে কবির আদালতকে বলেন, "আমি উবার অ্যাপের মাধ্যমে গাড়ি চালাতাম। মাঝেমধ্যে ফয়সাল করিম মাসুদ আমাকে ফোন দিতেন। ধারে-কাছে থাকলে যেতাম। আমাকে গুলশানসহ বিভিন্ন জায়গায় নিয়ে যেত। ১৮-২০ দিন আগে ফোন করে হাদির অফিসে নিয়ে যেতে চায়। বলে, গেলে উপকার হবে। পরে হাদির অফিসে নিয়ে যায়।"
তিনি বলেন, "মোটরসাইকেলটি আমার বন্ধু মাউনুদ্দিন ইসলাম শুভ কিনেছে। আমরা দুইজনই একই দিনে গাড়ি কিনতে যাই। ও আমার আইডি কার্ড দিয়ে গাড়ি কেনে। মোটরসাইকেলের সবকিছু ওর নামে, শুধু আমার আইডি কার্ড ব্যবহার করেছে। গাড়ি কেনার সময় ছিলাম। মেলা দিন আগে গাড়িটা কিনেছি।"
শুনানি নিয়ে আদালত কবিরের সাত দিনের রিমান্ডের আদেশ দেয়।
এর আগে গতকাল এ মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
এর আগের দিন রোববার বাইক মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়।
হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি হামলার শিকার হন।
চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে।