শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা: ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন
“সুমনের ছোট ভাইয়ের সঙ্গে মেয়েটির প্রেম ছিল। ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে সুমন তাকে চাঁদপুরে নিয়ে যাচ্ছিল।”
ঢাকার যাত্রাবাড়ীতে ১০ বছর আগে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে তার ফুফাতো ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
সেই সঙ্গে আসামি সুমন মিঝিকে অপহরণের দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক গোলাম কবীর মঙ্গলবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ বলেন, ধর্ষণ ও হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সুমনকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপহরণের দায়ে দেওয়া ১৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে তাকে।
আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম জানান, মামলার শুরু থেকেই আসামি কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয় এবং রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, যাত্রাবাড়ীর একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল ভিকটিম। ২০১৫ সালের ২৭ জানুয়ারি স্কুলের সামনে থেকে কোচিংয়ে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মোবাইল নম্বর দেখে পরিবার জানতে পারে, ফোনটি সুমনের।
এ ঘটনায় মেয়েটির মা ওই বছর ৮ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় অপহরণের মামলা করেন। মেয়েটির লাশ উদ্ধারের পর মামলাটি ধর্ষণ ও হত্যা মামলায় রূপান্তরিত হয়।
বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদ বলেন, “সুমনের ছোট ভাইয়ের সঙ্গে মেয়েটির প্রেম ছিল। ছোট ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা বলে সুমন তাকে চাঁদপুরে নিয়ে যাচ্ছিল। লঞ্চের কেবিনে মেয়েটিকে ধর্ষণ করার পর সে হত্যা করে। পরে লাশ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়। কয়েকদিন পর চাঁদপুরের হিলশা ঘাট থেকে লাশ উদ্ধার হয়।”
সেই বছরের ৫ এপ্রিল যাত্রাবাড়ী থানার এসআই আলতাফ হোসেন সরকার মামলাটি তদন্ত শেষে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এরপর অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মোট ১১ জন সাক্ষীর জবানবন্দি শুনে বিচারক সুমনকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়েটির মা বলেন, “আমার চার ছেলে আর একমাত্র মেয়ে। মেয়েটাকে খুন করেছে। ওর ফাঁসি হয়নি। আমি রায়ে অসন্তুষ্ট।”
