Published : 02 Mar 2026, 08:37 PM
বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।
“এই সফরের লক্ষ্য, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা।”
সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়ে পূর্ণিমা রাই বলেন, “বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।”
পল কাপুরের সঙ্গে আলোচনার বিষয়বস্তুর প্রশ্নে সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, “বৈঠকের পরে বলব।”
বাংলাদেশ ও ভারতসহ এ অঞ্চলের কূটনীতি সামলাতে পল কাপুরকে গেল বছরের ফেব্রুয়ারিতে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ মনোনয়ন মার্কিন সেনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে পাস হয় একই বছরের অক্টোবরে।
সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে কাপুর দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি তিনি।