২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারের তিন কর্মকর্তা সামরিক বরখাস্ত

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 06:11 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে ‘নাশকতামূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

সাময়িক বরখাস্ত তিনজন হচ্ছেন- বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক ফখরুল আলম, শ্রীমঙ্গলের কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেহার আলী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদেরকে দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে।

“সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী তাদের ১৭ সেপ্টেম্বর তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।”

সাময়িক বরখাস্তকালীন সময়ে ফখরুল আলম ময়মনসিংহ রেঞ্জে, মেহেদী হাসান চট্টগ্রাম রেঞ্জে এবং সৈয়দ ইফতেহার আলী রাজশাহী রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা রয়েছে।