১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঋণের উপর ‘সুপারভিশন’ চার্জ বাতিল না হলে কর্মসূচির হুঁশিয়ারি ব্যবসায়ীদের

“এ অবস্থা চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের খেলাপি হওয়ার মুখোমুখি দাঁড় করানো হবে,” বলেন হেলাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 05:30 PM

Updated : 17 Jan 2024, 05:35 PM

সিএমএসএমই ও ভোক্তা ঋণের উপর নিয়মিত সুদের সঙ্গে ‘সুপারভিশন' চার্জের নামে যে এক শতাংশ অর্থ কাটা হচ্ছে তা বাতিল ও কেটে নেয়া অর্থ ফেরত চেয়েছেন ব্যবসায়ীরা।

রোববার দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করে জানানো হয়, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মসূচি দেওয়া হবে।

ঋণের আমানত ও সুদহারে ৬ ও ৯ শতাংশের সীমা তুলে দিয়ে যে ‘স্মার্ট সুদহার’ ঘোষণা হয়েছে,তাতে সিএমএসএমই ও ভোক্তা ঋণে অতিরিক্ত এক শতাংশ সুপারভিশন চার্জ যুক্ত করার সুযোগ আছে।

লিখিত বক্তব্যে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, “৭৫ কোটি টাকা ঋণ সীমা পর্যন্ত সিএমএসএমই খাত ধরা হয়। যার উপর এক শতাংশ করে কাটা হলে ৭৫ লাখ টাকা কাটা হচ্ছে প্রতি বছরে। এ অবস্থা চলতে থাকলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের খেলাপি হওয়ার মুখোমুখি দাঁড় করানো হবে।”

মূল্যস্ফীতির কারণে ভোক্তার ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ায় ব্যবসা বাণিজ্যে ‘মারাত্মক মন্দা’ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “এই সময়ে অতিরিক্ত এক শতাংশ চার্জ ব্যবসায়ীদের জন্য ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।”

গত ২৭ অগাস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বিষয়টি লিখিত আকারে তুলে ধরার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভূইয়া, বাংলাদেশ হাউজ অ্যান্ড ফ্লাট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাইয়ুম তালুকদাম মনি, বাংলাদেশ আভ্যন্তরীণ পোশাক প্রস্তুকারক সমিতির সভাপতি আলাউদ্দিন মানিকও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)