Published : 19 Oct 2025, 11:09 PM
সরকারি কলেজে ৬৮৩ শিক্ষক পদে নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় ১২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৬ অক্টোবর থেকে এ বিসিএসের ভাইভা বা মৌখিক পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে পিএসসি।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১ হাজার ২১৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
"২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।"
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ১৮৪টি কেন্দ্রে লিখিত পরীক্ষা আয়োজন করে পিএসসি।
লিখিত পরীক্ষায় ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী অংশ নেন, যা মোট আবেদনকারীর ৫৬ দশমিক ৪৯ শতাংশ।
সরকারি সাধারণ কলেজগুলোর জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
২২ জুলাই দুপুর ১২টা ১০ মিনিট থেকে ২২ অগাস্ট সন্ধ্যা ৬টায় পর্যন্ত এ বিসিএসের আবেদন চলে।
প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি গুনতে হয়েছে। তবে অনাগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদন ফি ছিল ৫০ টাকা। আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ছিল ৩২ বছর।