Published : 22 Jun 2024, 01:46 PM
দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়্সওয়াল এক্সে বলেছেন, শনিবার হায়দ্রাবাদ হাউসে শেখ হাসিনা পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মোদী।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার তথ্য নিশ্চিত করেছে।
দুই দেশের প্রতিনিধি পর্যায়েও বৈঠক হয়েছে সেখানে। প্রতিনিধি পর্যায়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে কয়েকটি এমওইউ ও চুক্তি স্বাক্ষর হয়। পরে সফর নিয়ে দুই নেতা সংবাদ সম্মেলনে আসেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজন করা হয়েছে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজেরও।
প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নতুন করে এগিয়ে নিতে সবশেষ নির্বাচনে জয়ী দুই সরকারপ্রধানের আগ্রহের মধ্যে এই সফর হচ্ছে। শেখ হাসিনার এই সফরে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে এর আগে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান।
দুদিনের দ্বিপক্ষীয় সফরের দ্বিতীয় দিনে দিল্লিতে ব্যস্ত সময় কাটাবেন শেখ হাসিনা।
বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে তার সচিবালয়ে শেখ হাসিনা সাক্ষাৎ করবেন। পরে তিনি যাবেন রাষ্ট্রপতি ভবনে। সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা।
এর আগে সকালে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সরকারপ্রধানকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।
রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের গেট থেকে শেখ হাসিনার গাড়ি বহরকে সংবর্ধনাস্থল পর্যন্ত নিয়ে যায়।
পরে ভারতের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়। গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন শেখ হাসিনা। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয়।
এরপর ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তার সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন মোদীর সঙ্গে।
এছাড়া রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রপতি ভবন থেকে রাজাঘাটে গিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
সেখানে কিছুক্ষণ তিনি নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া সেখানকার পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন তিনি।
সফরের প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার বিকাল ৩টা ২৯ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা।
অর্ভ্যথনা শেষে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থল হোটেল তাজ প্যালেসে যান।
প্রথম দিন দিল্লিতে প্রধানমন্ত্রীর আবাসস্থলে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সেখানে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের পথে চ্যালেঞ্জগুলো সংলাপের মাধ্যমে দূর করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
আর জয়শঙ্কর বলেন, গত ১০ বছরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এমন উচ্চতায় পৌঁছেছে, এই সম্পর্ককে এখন নতুন অধ্যায়ে নেওয়া যেতে পারে।
একই দিনে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করে তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
দুদিনের সফর শেষে শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন...
নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে দিল্লির পথে প্রধানমন্ত্রী