১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুড়িলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা রাস্তায় অবস্থান করেন। সে কারণে যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2025, 12:44 AM

Updated : 26 Aug 2026, 11:42 AM

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজ এবং যাত্রাবাড়ীতে ধনিয়া কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর রাতে কুড়িলে পোশাক শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে।

বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে এবং পোশাক শ্রমিকদের অবস্থানের কারণে মধ্যরাত পর্যন্ত যানজট থেকে মুক্ত হতে পারেনি নগরবাসী।

ইউরো জোন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাত পৌনে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে কুড়িলে কারখানার সামনে অবস্থান নেন।

ভাটারা থানার ওসি মজহারুল ইসলাম বলেন, "বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় কিছুক্ষণ অবস্থান করে। পরে তাদের বুঝিয়ে কারখানার সামনে নেওয়া হয়।

তাদের অবস্থানের কারণে কুড়িল বিশ্বরোডে যানজটের সৃষ্টি হয়।”

ট্রাফিক পুলিশের গুলশানের একজন অতিরিক্ত উপ কমিশনার বলেন,  শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা রাস্তায় অবস্থান করেন। সে কারণে যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

"তিতুমীর কলেজের শিক্ষার্থীদের অবস্থান, সেই সাথে গার্মেন্টস শ্রমিকদের অবস্থানের পাশাপাশি ইজতেমাগামী ভিড়ের কারণে রাস্তাগুলোতে গাড়ির চলাচলের গতি কমে যায়। "

রাত সোয়া ১১টার দিকে তিনি বলেন, "তিতুমীর কলেজের ছেলেরা এখনও অবস্থান করছে। সেখানে একজন কর্মকর্তা গেছেন বলে জানতে পেরেছি।"

পুলিশের তৎপরতার কারণে সড়কের যান চলাচলের গতি ফিরতে শুরু করেছে বলে দাবি করেন অতিরিক্ত উপ কমিশনার।