সাবেক দুই মন্ত্রীর পিএ ও এপিসের বিরুদ্ধে মামলার পথে দুদক
তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়েছে দুদক।
অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদুল হাসান ও তার স্ত্রী এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়ার (জীবন) বিরুদ্ধে মামলা করবে দুদক।
সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বুধবার সাংবাদিকদের এ তথ্য দিয়েছেন।
দুদকের অভিযোগে মাকসুদুল হাসানের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬৯ লাখ ৪৩ হাজার ৩৮৬ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার কথা বলা হয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে সংস্থাটি।
মাকসুদুল হাসানের স্ত্রীর হাসনাতুল হাসনার বিরুদ্ধেও একটি মামলার অনুমোদন দিয়েছে দুদক।
সংস্থাটির অভিযোগ, স্বামীর অবৈধভাবে অর্জিত ৭৬ লাখ ৭ হাজার ২৯২ টাকার সম্পদ নিজের নামে ভোগদখলে রেখে বৈধ করার চেষ্টা করেছেন তিনি। মামলায় স্বামী মাকসুদুলকেও আসামি করা হবে।
অপরদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাওসার ভূইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করবে দুদক।
রাশেদুল কাওসার ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন। পরে তিনি কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখল করেছেন। এ ছাড়া তার স্ত্রী মোসা. লুৎফুন নাহারের নামে-বেনামে বিপুল সম্পদ ও ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য পাওয়া গেছে। তাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দুদক।
