কুয়াশাচ্ছন্ন উত্তর ও পশ্চিমাঞ্চলে বাড়বে শীত
ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১২ ডিগ্রি সেলসিয়াস।
পৌষের প্রথমদিকেই রাজধানীতে দেখা মিলেছে কুয়াশার। আর দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল আরও কয়েকদিন কুয়াশাচ্ছন্ন থাকার পূর্বাভাস দিয়ে আবওহাওয়া অধিদপ্তর বলছে এসব অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।
আবওহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কুয়াশা আগামী কয়েক দিন বাড়তে পারে। মূলত উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ কুয়াশাচ্ছন্ন থাকবে। ফলে এসব অঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম অনুভূত হবে।
"কুয়াশার কারণে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে। ফলে এসব অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে।"
রোববার অধিদপ্তর থেকে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরের ১২০ ঘণ্টা বা পাঁচ দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রোববার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিন মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন শেষরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিন শেষরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এর পরের পাঁচ দিনের আবহাওয়ার অবস্থাঃ উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবওহাওয়া অধিদপ্তর সকালে জানিয়েছে, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ১২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
