একটিতে জামিনের পর সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার
পাভেলকে গেল বছর লালমাটিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
এক মামলায় জামিনের পর ঢাকার নিউ মার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য দিয়েছেন।
২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে পুলিশ। নিউ মার্কেট থানায় ঢাকা কলেজের শিক্ষার্থী মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টার মামলায় পরদিন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
এই মামলায় গত ১৮ মে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি। তবে কারাগারে থাকা অবস্থায় গত ১৫ জুলাই নিউ মার্কেট থানার মুহাম্মদ শামীম নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই ওমর ফারুক৷ আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এ দিন ঠিক করে দেন।
এদিন শুনানিতে সাদ্দামকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে হারুন অর রশিদ তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।
আসামিপক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী তাকে গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার বিবরণে বলা হয়েছে,২০২৪ সালের ১৬ জুলাই ঢাকার নিউ মার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেন ২০ বছরের যুবক মুহাম্মদ শামীম।
“আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হন শামীম ৷”
পরে ওই যুবক বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করা হয়।
