ইবি শিক্ষার্থী নওরিন হত্যা মামলা সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর তার বাবার নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে এই আদেশ দেয়।
পুলিশের পর পিবিআইও চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী নওরিন নুসরাত স্নিগ্ধা হত্যা মামলাটি সিআইডিকে অধিকতার তদন্ত করতে বলেছে আদালত।
নওরিনের বাবা খন্দকার নজরুল ইসলামের নারাজির আবেদন মঞ্জুর করে মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মো. মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “পিবিআই মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। নওরিনের বাবা এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেন।
“আদালত আজ নারাজি আবেদন মঞ্জুর করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।”
ঢাকার আশুলিয়ায় ছয় তলা ভবন থেকে লাফ দিয়ে নওরিনের মৃত্যুর ঘটনায় ২০২৩ সালের ২০ অগাস্ট তার বাবা আদালতে মামলা করেন।
মামলায় নওরিনের স্বামী ইব্রাহিম খলিল ও শাশুড়ি শামসুন্নাহারকে আসামি করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ২১ জুলাই ইব্রাহিমের সঙ্গে নওরিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইব্রাহিম আশুলিয়ায় একটি কোম্পানিতে চাকরি করেন।
নওরিনের পরিবারের অভিযোগ, বিয়ের পর নওরিন পড়ালেখা করতে চাইলেও স্বামী ইব্রাহিম ও শাশুড়ি শামসুন্নাহার তাকে আর লেখাপড়া করাতে চাননি।
তাদের অভিযোগ, বিয়ের দুইদিন পর থেকেই নওরিনকে লেখাপড়া না করার জন্য চাপ দিতে থাকেন। তাকে মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে শারীরিক নির্যাতন শুরু করে। ২০২৩ সালের ৩ অগাস্ট এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। তখন ইব্রাহিম নওরিনকে তালাক দেওয়ার হুমকি দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ায় বাবার বাড়িতে চলে যেতে চান ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী। তবে তারা তাকে আটকে রাখে । বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে বাবাকে জানায় নওরিন। ইব্রাহিম তার শ্বশুরকে জানান, নওরিনকে বাড়ি যেতে দেওয়া হবে না।
নওরিনের পরিবারের অভিযোগ, সে বছর ৮ আগস্ট তাকে বাসায় আটকে রেখে স্বামী বাইরে বের হন এবং মোবাইল ফোন কেড়ে নেন। নওরিনের বাবা তার স্বামী ইব্রাহিমকে ফোন করলে তিনি বলেন-বাসায় ঢোকা যাবে না, তাকে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে মেয়েকে দেখার জন্য আশুলিয়ার উদ্দেশে আসেন নজরুল ইসলাম। বিকালের দিকে ফোন করলে ইব্রাহিম জানান তার মেয়ে ছয়তলা থেকে লাফ দিয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে পৌঁছে নজরুল নওরিনের লাশ দেখতে পান।
এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ অপমৃত্যুর মামলা করে। মামলাটি তদন্ত করে থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদন আসার পর গত বছরের ১০ নভেম্বর আদালত মামলাটি তদন্ত করে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অধিকতর তদন্তের নির্দেশ দেয়৷
গেল ৩১ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই এর এসআই মো. আনিসুর রহমান।
পরে ২৫ অগাস্ট এ প্রতিবেদনে নারাজি আবেদন দাখিল করেন নওরিনের বাবা নজরুল ইসলাম। শুনানি নিয়ে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল।
