২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এইচএসসির ফরম পূরণে সময় বাড়ল আরেক দফা

পরীক্ষা শুরু হবে ২৬ জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। পরের দিন থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক।

এইচএসসির ফরম পূরণে সময় বাড়ল আরেক দফা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে আরেক দফা সময়সীমা বাড়ানো হয়েছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে, আগামী ১৮ জুন এবং ১৯ জুনও পরীক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ পাবেন।

অন্যান্য বছর সাধারণত পরীক্ষা শুরুর কয়েক সপ্তাহ আগেই ফরম পূরণের সময়সীমা শেষ হয়ে যায়। তবে এবার পরীক্ষা শুরুর আগের সপ্তাহ পর্যন্ত সময় পাচ্ছেন শিক্ষার্থীরা।

কারণ হিসেবে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলছেন, “সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীকে সুযোগ দিতে এ সুযোগ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরম পূরণের কাজ যেহেতু চলবে, তাই পরীক্ষার্থীর সংখ্যা এখনই বলা যাচ্ছে না। ফরম পূরণ শেষ হলে চূড়ান্ত সংখ্যাটা পাব।”

সোমবার এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের সময় বাড়ানোর তথ্য জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

এতে বলা হয়েছে, “ফরম পূরণের সময় ১৮ ও ১৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৯ জুন।”

এবার ফরম পূরণে বিজ্ঞান শাখায় লাগছে সর্বোচ্চ ২ হাজার ৭৮৫ টাকা। ২ হাজার ২২৫ টাকা লাগছে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে। ব্যবহারিক পরীক্ষা থাকলে দিতে হবে  অতিরিক্ত ১৪০ টাকা করে।

এর আগে গত ২ মার্চ থেকে থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ১০ মার্চ পর্যন্ত পূরণ করতে পেরেছিলেন শিক্ষার্থীরা। আরও ১০০ টাকা ‘বিলম্ব ফি’ দিয়ে করা গেছে ১৭ মার্চ পর্যন্ত। 

এরপর ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বাদপড়া শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ এবং ২২ এপ্রিল পর্যন্ত ফরম পূরণের ফি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। তৃতীয় দফায় এসে ১৯ জুন পর্যন্ত ফরম পূরণ ও জমা দেওয়ার সুযোগ পেলেন পরীক্ষার্থীরা।

আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।