২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি-জলে নগরে দুর্ভোগ

বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 01:42 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর বৃষ্টির পর সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি ঝরছে রাজধানীতে; এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে অতিভারি বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিস।

এদিন বৃষ্টি দিয়ে সকাল শুরু হলেও বেলা বাড়ার পর বৃষ্টি ঝরে থেমে থেমে।

অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীসহ রাস্তায় বের হওয়া মানুষেরা ভোগান্তিতে পড়েন। অনেক জায়গায় সময়মত যানবাহন পাওয়া যায়নি। যানবাহন পেলেও বেশি ভাড়া গুণতে হয়েছে। আবার কোথাও কোথাও যাত্রী সংকটে পড়েছেন পরিবনহনগুলো।

আবার কোনো সড়ক ও অলিগলিতেও পানি জমার কারণে সেখানকার বাসিন্দারা পড়েন বিপাকে।

ঢাকার মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, ভাটারা, নতুন বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, নিকেতনসহ কিছু এলাকার সড়কে পানি জমে। তবে সেটি দীর্ঘস্থায়ী হয়।

মিরপুর ৬ নম্বর সেকশনের বাসিন্দা আফরোজা সুলতানা শোভা গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকালে বৃষ্টি থাকায় অফিস যেতে দেরি হয়েছে তার।

“বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে কিছুটা ভিজেছি। এরপর বাসের জন্য অপেক্ষা করতে করতেই অর্ধেক ভিজে গেছি। এমন বৃষ্টি, ছাতা মানছিল না। গাড়িতে উঠাও কষ্টকর ছিল। পানি ছিটায় প্যান্টও ভিজে গেছে। এখন বেশ ঠাণ্ডা লাগছে। অফিসে কাজ করার জন্য বসতেও পারছি না।”

নিকেতনের বাসিন্দা কামরুজ্জামান বলেন, “সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসা থেকে বের হতে পারছিলাম না। আমাদের এলাকায় বৃষ্টি হলে সড়কে পানি জমে, আজও জমেছে। তবে তা বেশিক্ষণ থাকেনি।”

খিলগাঁওয়ের বাসিন্দা আদিব হাসান বলেন, সকালে খিলগাঁও সরকারি কলোনি স্কুল অ্যান্ড কলেজ, আনসার কোয়ার্টার এবং আশপাশের এলাকায় বুধবার সকালে হাঁটু সমান পানি জমেছিল। এ কারণে ওই এলাকার মানুষের ভোগান্তি হয়েছে। 

“সড়কে পানি থাকায় হেঁটে আসতে পারিনি। রিকশায় মৌচাক পর্যন্ত এসেছি। অন্য সময় মৌচাক পর্যন্ত ৫০ টাকা ভাড়া নেয়, আজ ১০০ টাকা দিতে হয়েছে। দীর্ঘ সময় ধরে রিকশার জন্য অপেক্ষা করতে হয়েছে।”

বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। এ কারণে সড়কে ভিড় ছিল কম। যানবাহনে যাত্রীও কম দেখা গেছে।

সিএনজিচালিত অটোরিকশার চালক লায়েকুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রামপুরা থেকে বের হয়েছেন তিনি। পথে বিভিন্ন জায়গায় সড়কে পানি দেখেছেন, তবে তা খুব বেশি ছিল না।

“আমি রামপুরা থেকে উত্তরা, মিরপুর, মহাখালী, বাড্ডা হয়ে আবার রামপুরা গেছি। সেখান থেকে আবার মহাখালী আসছি। রাস্তায় কয়েক জায়গায় পানি ছিল কিন্তু খুব বেশি না। আজ রাস্তা অনেকটা ফাঁকা খুব বেশি লোকজন নাই।”

মহাখালীতে বেলা সাড়ে ১১টার দিকে সাভার থেকে রামপুরাগামী আলিফ পরিবহনের একটি বাসের প্রায় অর্ধেক আসন খালি দেখা গেছে।

ওই বাসের হেলপার আলমগীর হোসেন বলেন, “বৃষ্টির কারণে যাত্রী নাই। এই সময় গাড়ির একটা সিটও ফাঁকা থাকে না। যাত্রীরা দাঁড়াই থাকে।”

জলাবদ্ধতা ঠেকাতে দক্ষিণ সিটিতে নিয়ন্ত্রণ কক্ষ

ভারি বৃষ্টিপাতের কারণে সম্ভাব্য জলাবদ্ধতা দূর করতে প্রতিটি ওয়ার্ডে ইমারজেন্সি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসি জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের কারেণ রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ বৃষ্টিপাত আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। 

এ অবস্থায় ডিএসসিসি এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা কাজ করছেন। তৈরি করা হয়েছে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।

ডিএসসিসির কোনো এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে জানানোর অনুরোধ করেছে ডিএসসিসি।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ এখন পর্যন্ত তেমন ভারি বৃষ্টি হয়নি। রাতে কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল আমাদের পরিচ্ছন্ন কর্মীরা সেসব জায়গায় কাজ করেছেন। আর ভারী বৃষ্টি হতে পারে এজন্য সতর্কতা হিসেবে ইমার্জেন্সি রেসপন্স টিম করা হয়েছে।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বৃষ্টির কারণে কিছু এলাকায় সামান্য পানি জমেছিল। আমাদের কর্মীরা তা সরিয়ে দিয়েছে। কোনো এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা বিভিন্ন এলাকায় আছে। পানি জমলে তা সরাতে ব্যবস্থা নেবে।”