গ্রাম আদালতে সালিশ নিষ্পত্তি করতে হবে ১৫ দিনে
এ আইনে ক্ষতিপূরণের পরিমাণ ৭৫ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৩ লাখ টাকা
পনের দিনের মধ্যে সালিশ নিষ্পত্তির বাধ্যবাধকতা রেখে গ্রাম আদালত আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘গ্রাম আদালত (সংশোধন) আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সংশোধনে এ আইনের কিছু বিষয় পরিমার্জন করা হয়েছে।
“যেমন ‘নাবালক’ শব্দটির পরিবর্তে ‘শিশু’ কথাটি লেখা হয়েছে। আগে শুধু নাবালকে গ্রাম আদালতে আনা যাবে (বলা ছিল), এখন বলা হচ্ছে, শিশু। শিশুর যে ডেফিনেশন আছে শিশু আইনে, সে অনুযায়ী শিশুকে ‘ডেসক্রাইব’ করতে হবে।”
তিনি বলেন, ২০১৩ সালে যখন আইনটি করা হয়েছিল, তখন সালিশ নিষ্পত্তির সময়সীমা ছিল ৩০ দিন। এখন তা কমিয়ে ১৫ দিন করা হয়েছে।
“২০১৩ সালের আইনে একটা বিষয় ছিল যে ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে তারা ৭৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করতে পারবে। এখন এটা ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে।”
আনোয়ারুল ইসলাম জানান, গ্রাম আদালতে সদস্য থাকবেন মোট ৫ জন। একজন চেয়ারম্যান, দুই পক্ষ থেকে দুইজন দুইজন করে চারজন। সদস্য হিসেবে একজন নারী থাকবেন, বিশেষ করে যদি অভিযোগকারী নারী হন।
