হজ নিবন্ধনের সময় আবার বাড়ল
এবার সরকারি ও বেসরকারিভাবে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যেতে পারবেন।
আগামী বছর হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময় দ্বিতীয় দফা বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জানুয়ারির মধ্যে দুই লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য আগামী বছরের ২৯ ফেব্রুয়ারির মধ্যে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। তা না হলে হজে যাওয়া যাবে না এবং প্রাথমিক নিবন্ধনের জন্য দেওয়া অর্থও ফেরত দেওয়া হবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন হজ হওয়ার কথা রয়েছে।এবার সরকারি ও বেসরকারিভাবে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরবে যেতে পারবেন।
সেজন্য গত নভেম্বর মাসেই দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সাধারণ প্যাকেজে হজ করতে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়েছে।
গত ১৫ নভেম্বর শুরু হয়েছে হজের নিবন্ধন, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রত্যাশিত সাড়া না মেলায় প্রথম দফায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত।
সে সময় বলা হয়েছিল, এরপর আর সময় বাড়ানো হবে না। কিন্তু তাতেও সাড়া মেলেনি। বৃহস্পতিবার পর্যন্ত সরকারিভাবে ২ হাজার ৯৫৬ জন এবং বেসরকারিভাবে ২৩ হাজার ৫০৭ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।
কোটার এক পঞ্চমাংশও পূরণ না হওয়ায় নিবন্ধনের সময় এবার ১৮ দিন বাড়াল ধর্ম মন্ত্রণালয়।
