কেনাকাটায় অনিয়ম: গণপূর্তের দুই প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
তদন্ত প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে।
পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের' কেনাকাটায় ‘অস্বাভাবিক ব্যয়ের’ অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় একজন উপ-সহকারী প্রকৌশলীকে বাধ্যতামূলক অবসর ও অন্যজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণের শাস্তি দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে গ্রিন সিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে ওই দুজন দোষী সাব্যস্ত হয়েছেন।
এর মধ্যে গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাহীন উদ্দিন পাবনা গণপূর্তের উপবিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং আলমগীর হোসেন রাজশাহী গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) হিসেবে কর্মরত ছিলেন।
কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রিনসিটি প্রকল্পে তাদের অনিয়ম নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ২০১৯ সালের ১৯মে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।
সেই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে।
এরই প্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক অস্বাভাবিক ব্যয়ের প্রাক্কলন প্রস্তুতের সাথে সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ২০১৮ সালের সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয় গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, এ দুজনের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণ করে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ৪ সেপ্টেম্বর তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।
