২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে পণ্য নিতে বসনিয়া ও আজারবাইজানকে রাষ্ট্রপতির আহ্বান

দেশ দুটির নতুন অনাবাসিক রাষ্ট্রদূত সোমবার রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।

বাংলাদেশ থেকে পণ্য নিতে বসনিয়া ও আজারবাইজানকে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করছেন আজারবাইজানের নবনিযুক্ত রাষ্ট্রদূত এলছিন হুসেইনলি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 05:45 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের পণ্য কিনতে বসনিয়া-হার্জেগোবিনা ও আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশে দেশ দুটির নতুন অনাবাসিক রাষ্ট্রদূত সোমবার রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত হ্যারিস হারলি ও আজারবাইজানের নবনিযুক্ত রাষ্ট্রদূত এলছিন হুসেইনলি এদিন সকালে রাষ্ট্রপতির দপ্তরে যান। 

রেওয়াজ অনুযায়ী সেখানে তাদের গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তারা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে মো. সাহাবুদ্দিন বলেন, “বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক ও বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।” 

বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত হ্যারিস হারলিও সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত হ্যারিস হারলিও সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন।

বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগের পাশাপাশি তৈরি পোশাক, ওষুধ, সিরামিক, চামড়াজাত পণ্যসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্যের আমদানি বাড়াতে নতুন রাষ্ট্রদূতদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। 

বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে কাজে লাগাতে উচ্চ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য বিনিয়োগ প্রতিনিধিদলের সফর বিনিময়ের উপরও জোর দেন তিনি। 

বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তার দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার কথা বলেন। 

এ সময়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।