১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ জানুয়ারির আগে এনআইডির ভুল সংশোধনের আহ্বান ইসির

খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার তাগিদ দিয়েছে ইসি।

২ জানুয়ারির আগে এনআইডির ভুল সংশোধনের আহ্বান ইসির
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 01:52 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

ভোটার তালিকা হালনাগাদের খসড়া তালিকা প্রকাশের আগে যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদেরকে জরুরিভিত্তিতে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়ে রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “যাদের জাতীয় পরিচয়পত্রে ভুল আছে তাদেরকে জরুরিভিত্তিতে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে, সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

আগামী বছরের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে নতুন কমিশন।

সবশেষ গত ২ মার্চ প্রকাশিক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ।

২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে এ বছরের হালনাগাদের সময় তারা যুক্ত হবে।

ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন নতুন কমিশন।

এর আগে গত ২ ডিসেম্বর নতুন কমিশনের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ওই দিন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন,“আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছর হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। পহেলা জানুয়ারি যারা ভোটারযোগ্য হবে সে সব তথ্য সংগ্রহ করে ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ হবে। 

“দাবি, আপত্তি ও নিষ্পত্তি শেষে মার্চের ২ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।“

আরও পড়ুন...

প্রথম সভায় বসেছে নতুন ইসি

দেশে ভোটার এখন ১২ কোটি সাড়ে ১৮ লাখ

হালনাগাদে যুক্ত হল আরও ২০ লাখ নতুন ভোটার

এবার হালনাগাদে প্রায় ১ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ