তিন মিশনে নতুন দূত পাঠাচ্ছে সরকার
জেনিভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রেলিয়ায় হাই কমিশনার ও ডেনমার্কে রাষ্ট্রদূত পদে পরিবর্তন এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রদবদলের অংশ হিসেবে তিন দেশের বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত ও হাই কমিশনার পদে পরিবর্তন আনছে সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন সংবাদ বিজ্ঞপ্তিতে জেনিভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রেলিয়ায় হাই কমিশনার ও ডেনমার্কে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আনার খবর দেওয়া হয়।
জেনিভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বর্তমান হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান।
জেনিভায় তিনি মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। মোস্তাফিজকে হাই কমিশনার করে দিল্লিতে পাঠানোর কথা আগেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সুফিউরের জায়গায় অস্ট্রেলিয়ায় হাই কমিশনার হয়ে যাচ্ছেন ডেনমার্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আল্লামা সিদ্দিকী।
অন্যদিকে ভুটানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা এ কে এম শহিদুল করিম ডেনমার্কে আল্লামা সিদ্দিকীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
জেনিভায় স্থায়ী প্রতিনিধি হতে চলা সুফিউর ১৯৯৯-২০০২ সময়ে ওই মিশনে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২০১৮ সালের জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা সুফিউর বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে শ্রীলঙ্কায় হাই কমিশনার ও মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব ও জেনিভা মিশনের পাশাপাশি দিল্লি ও ইসলামাবাদ মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত নেপালের কাঠমাণ্ডুতে সার্ক সচিবালয়ের পরিচালক ছিলেন পেশাদার এ কূটনীতিক।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা আল্লামা সিদ্দিকী ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কোপেনহেগেনে যাওয়ার আগে তুরস্কে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন তিনি।
বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নানা পদের পাশাপাশি টোকিও, কলকাতা, ইসলামাবাদ ও লন্ডন মিশনে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি।
বিসিএস অষ্টাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহিদুল ২০১৯ সালের ডিসেম্বর থেকে ভুটানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচার প্রধান (চিফ অব প্রটোকল) ছিলেন।
তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি স্টকহোম, কায়রো ও লন্ডন মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল পদেও ছিলেন পেশাদার এই কূটনীতিক।
