যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি আফজাল ৭ দিনের রিমান্ডে
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।
গত ২৩ মার্চ মেহেরপুর শহরের ঠিকাদার নুরুল ইসলামের বাড়ি থেকে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের দুই দিন পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব ইন্সপেক্টর ফেরদৌস আলম।
তবে মামলার মুল নথি না থাকায় ওইদিন রিমান্ড শুনানি না করে আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব ইন্সপেক্টর রোকনুজ্জামান জানিয়েছেন,
এদিন রিমান্ড শুনানিতে আফজাল হোসেনকে আদালতে হাজির করা হয়। তারপক্ষে তার আইনজীবী মো. রিপন জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
শুনানি শেষে আদালত সাবেক এই এমপিকে ৭ দিনের রিমান্ডের পাঠানোর আদেশ দেয়।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়, একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। ওই মহাসমাবেশে চলানো হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
আফজাল হোসেন কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের চার বারের সংসদ সদস্য ছিলেন। তার ভাই আনোয়ার হোসেন আশরাফ বাজিতপুর পৌরসভার দুই বার পৌর মেয়র ছিলেন।
